প্রিন্ট এর তারিখঃ Aug 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
পুঁজিবাজারে ১.৭৫ ট্রিলিয়ন ডলার নিয়ে আসছে মাস্কের রকেট কোম্পানি

রকেট ও স্যাটেলাইট প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্পেসএক্স মার্কিন পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বহুল প্রতীক্ষিত এই আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে কোম্পানিটি আগামী মাসেই শেয়ার বাজারে পা রাখতে যাচ্ছে।
গতকাল বুধবার প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বিনিয়োগ বিবরণী প্রকাশের মাধ্যমে অভ্যন্তরীণ আর্থিক খতিয়ান সামনে এসেছে। আগামী ১২ জুন ‘এসপিসিক্স’ (SPCX) টিকারে নাসডাক এক্সচেঞ্জে স্পেসএক্স-এর লেনদেন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১.৭৫ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজার মূল্যায়নে এই আইপিও থেকে প্রায় ৮০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তোলার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে অত্যন্ত গোপনীয়তার সাথে আইপিও-র আবেদন দাখিল করার পর, নিয়ন্ত্রক সংস্থার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এই তথ্য জনসমক্ষে আনা হলো।
স্পেসএক্স-এর এই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর ইলন মাস্কের বিশাল প্রযুক্তি সাম্রাজ্যের সবচেয়ে বড় মাইলফলক হতে যাচ্ছে। ফোর্বসের তথ্যমতে, বর্তমানে ৮০৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে এই আইপিও খুব দ্রুতই ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার বা শতকোটিপতিদের ছাড়িয়ে লাখো কোটিপতির ক্লাবে পৌঁছে দিতে পারে। তবে প্রসপেক্টাসে স্পেসএক্সের যে আর্থিক চিত্র উঠে এসেছে, তা একাধারে চমকপ্রদ ও ঝুঁকিপূর্ণ। প্রতিষ্ঠানটি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দেদারসে অর্থ বিনিয়োগ করছে। গত বছর যেখানে তাদের রাজস্ব আয় ছিল ১৮.৭ বিলিয়ন ডলার, সেখানে মূলধনী ব্যয় ছিল ২০ বিলিয়ন ডলারেরও বেশি। এমনকি চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই কোম্পানিটি ৪.২ বিলিয়ন ডলারের বেশি লোকসান গুনেছে।
অবশ্য স্পেসএক্সের আয়ের মূল চালিকাশক্তি হিসেবে দাঁড়িয়েছে এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যেই এই কানেক্টিভিটি খাত থেকে ৩.২ বিলিয়ন ডলার রাজস্ব এসেছে, আর গত বছর এই খাত থেকে আয় হয়েছিল ১১.৪ বিলিয়ন ডলার। মহাকাশ গবেষণার পাশাপাশি স্পেসএক্স এখন কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন করে এআই বিপ্লবকে ত্বরান্বিত করার নতুন ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে মাস্কের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই'-কে কিনে নেয় স্পেসএক্স। পুঁজিবাজারে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো বড় এআই জায়ান্টদের নাম উল্লেখ করা হয়েছে। ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মাস্কের সাম্প্রতিক পরাজয়ের খবরের পরপরই স্পেসএক্সের এই বিশাল বাণিজ্যিক ঘোষণাটি এলো।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV